এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৮ মার্চ : ফের রাজ্য পুলিশ কর্তাদের রদবদল করল নির্বাচন কমিশন । এবারে বর্ধমান,মুর্শিদাবাদ,রায়গঞ্জ রেঞ্জ,প্রেসিডেন্সি রেঞ্জ (দক্ষিণ ২৪ পরগনা ও পার্শ্ববর্তী অঞ্চল) ও জলপাইগুড়ির ডিআইজি পদমর্যাদার আধিকারিকদের বদল হল। রায়গঞ্জ রেঞ্জের নতুন ডিআইজি করা হয়েছে রাঠৌর অমিতকুমার ভরতকে। মুর্শিদাবাদ রেঞ্জের দায়িত্ব পেয়েছেন অজিত সিং যাদব। জলপাইগুড়ি রেঞ্জের ডিআইজি পদে আনা হয়েছে অঞ্জলি সিংকে। বর্ধমান রেঞ্জের নতুন ডিআইজি হলেন শ্রীহরি পাণ্ডে এবং প্রেসিডেন্সি রেঞ্জের গুরুত্বপূর্ণ দায়িত্বে আনা হয়েছে কঙ্করপ্রসাদ বারুইকে। আজ সকালেই জাতীয় নির্বাচন কমিশনের তরফে এনিয়ে নোটিফিকেশন জারি করা হয় । নতুন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের বৃহস্পতিবার সকাল ১১টার মধ্যে কাজে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই মর্মে কমিশনকে রিপোর্ট পাঠানোর কথা বলা হয়েছে।
স্বরাষ্ট্র সচিবের পদ থেকে সরানোর পর জগদীশ প্রসাদ মিনাকে রাজ্যের বাইরে পাঠিয়ে দিল নির্বাচন কমিশন। তাঁকে তামিলনাড়ুর তিরুচিরাপল্লি পশ্চিম বিধানসভা কেন্দ্রে জেনারেল অবজার্ভার করে পাঠানো হয়েছে। পাশাপাশি নিম্বালকর সন্তোষ উত্তমরাও, সুধীরকুমার নীলাকান্তম, ভোলানাথ পাণ্ডে, অলোক রাজোরিয়া এবং ভাস্কর মুখোপাধ্যায়কে তাঁদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
সোমবারই রাজ্য পুলিশের ডিজি পীযূষ পাণ্ডেকে সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন । তার ঠিক ২৪ ঘন্টা কাটতে না কাটতেই একধাক্কায় ১২ জন পুলিশ সুপার এবং কলকাতার ডিসি সেন্ট্রালকেও সরিয়ে দেওয়া হয়। এবারে ডিআইজি স্তরে এই বড়সড়ো রদবদল প্রশাসনের ওপর কমিশনের কড়া নিয়ন্ত্রণেরই ইঙ্গিত বলে মনে করা হচ্ছে । এদিকে ডিআইজি পদমর্যাদার অফিসারদের সরানো নিয়ে এদিনও নির্বাচন কমিশনকে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।।
