এইদিন ওয়েবডেস্ক,বারাণসী(উত্তর প্রদেশ),১৭ মার্চ : উত্তর প্রদেশের বারাণসীর কোতোয়ালি থানা এলাকায় গঙ্গা নদীতে নৌকায় ইফতার পার্টির আয়োজন করেছিল কিছু মুসলিম যুবক । তারা মুরগীর মাংসের বিরিয়ানি খেয়ে হাড়গুলো গঙ্গানদীর জলে ফেলেছিল । শুধু তাইই নয়, সেই ভিডিও রেকর্ড করে তারা সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করে৷ ভিডিওটি ভাইরাল হলে স্থানীয় হিন্দুদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় । এনিয়ে থানায় একটি এফআইআর দায়ের করা হলে পুলিশ ১৪ জন মুসলিম যুবককে গ্রেপ্তার করেছে ৷ ধৃতদের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে উস্কানি দেওয়া এবং জনসমক্ষে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ আনা হয়েছে ।
গঙ্গায় নৌকায় ইফতার পার্টির ঘটনায় গ্রেপ্তার প্রসঙ্গে কোতোয়ালি থানার এসিপি বিজয় প্রতাপ সিং বলেন, “গত ১৬ই মার্চ কিছু লোকের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে তারা পঞ্চগঙ্গা ঘাটে একটি নৌকায় ইফতার পার্টির নামে চিকেন বিরিয়ানি খাচ্ছিল… বিষয়টির গুরুত্ব বিবেচনা করে আমরা অবিলম্বে বিভিন্ন স্থানে আমাদের দল মোতায়েন করি । আমরা এখন পর্যন্ত মোট ১৪ জনকে গ্রেপ্তার করেছি এবং তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”
