এইদিন বিনোদন ডেস্ক,১৫ মার্চ : বিনোদন জগৎ থেকে এক দুঃখজনক খবর এসেছে। ‘সত্তে পে সত্তা’ এবং ‘করজ’ ছবিতে অভিনয়ের জন্য পরিচিত প্রবীণ অভিনেত্রী মধু মালহোত্রা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তার ছেলে মনু এই বিষয়ে জানিয়েছেন, ‘মধু মালহোত্রা শুক্রবার ৭২ বছর বয়সে মারা গেছেন।’ গত১৩ মার্চ দুপুর ১২.৩০ মিনিটে আন্ধেরির হলি স্পিরিট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন বলে তিনি জানান । তিনি বলেন,”তার হৃদরোগের সমস্যা ছিল। তার হৃদপিণ্ডে ব্লকেজ ছিল। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ।”
মধু মালহোত্রা বলিউডের একজন সুপরিচিত অভিনেত্রী ছিলেন । সত্তর ও আশির দশকে হিন্দি চলচ্চিত্র জগতে তাঁর অনবদ্য অভিনয়ের মাধ্যমে এক অনন্য ছাপ ফেলেছিলেন এই প্রবীণ অভিনেত্রী। তিনি ১৯৭০ থেকে ১৯৯০ এর দশক পর্যন্ত বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছিলেন।তার জনপ্রিয় চলচ্চিত্রের মধ্যে রয়েছে কালা পাত্থর, বিধাতা, সম্ভাব এবং গুলাম । সুভাষ ঘাই-এর হিরো-এর “লম্বি জুদাই” গানে তাঁর উপস্থিতির জন্য তিনি মনোযোগ আকর্ষণ করেছিলেন । অভিনেত্রীর ছেলে মনু তার মাকে “সুখী, পরিবারমুখী” নারী হিসাবে উল্লেখ করেছেন।তিনি বলেন,”তিনি একজন পারিবারিক মানুষ ছিলেন; তিনি নিজেই তার সন্তানদের লালন-পালন করতেন এবং তার মাঝেই তিনি এত ছবি করেছিলেন। তিনি সিনেমা, অভিনয় ভালোবাসতেন এবং তিনি তার সেরাটা দিতেন ।” মধু মালহোত্রার তিন সন্তান, দুই মেয়ে এবং এক ছেলে। ওশিওয়ারা শ্মশানে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হয়। তাঁর অপ্রত্যাশিত মৃত্যুতে সমগ্র বিনোদন জগতে এক বিশাল শূন্যতা তৈরি হয়েছে এবং সর্বত্র শোক প্রকাশ করা হচ্ছে।।
