এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৪ মার্চ : আজ ১৪ই মার্চ৷ আজ থেকে ঠিক ১৯ বছর আগে জমিরক্ষা আন্দোলনকে ঘিরে রক্তাক্ত হয়ে উঠেছিল পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম । পুলিশ ও সিপিএমের চটিপরা বাহিনীর যৌথ হামলায় প্রাণ হারিয়েছিল ১৪ জন আন্দোলনকারী । সেদিনের নন্দীগ্রামের ঘটনা থেকেই কার্যত উত্থান হয় মমতা ব্যানার্জির । তারপর থেকে প্রতিবছর এই দিনটি ‘নন্দীগ্রাম দিবস’ হিসাবে পালন হয়ে আসছে এরাজ্যে । আর দীর্ঘ পাঁচ বছর পর এই বিশেষ দিনটিতে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মেগা জনসভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । আজ শনিবার দুপুর ১টা ২০ মিনিটে অসম থেকে সরাসরি কলকাতা বিমানবন্দরে নামবেন প্রধানমন্ত্রী । তারপর সোজা চলে যাবেন ব্রিগেডে ।
এদিকে গতকাল থেকেই উত্তর ও দক্ষিণবঙ্গের বিজেপি নেতাকর্মীরা কলকাতায় ভিড় জমিয়েছেন । আজ ভোর থেকে হাওড়া রেলস্টেশনে কার্যত জনস্রোত দেখা যাচ্ছে । নেতাকর্মীদের জন্য সম্পূর্ণ নিরামিষ খাবারের আয়োজন করা হয়েছে । দুপুরে থাকছে ভাত,মুগের ডাল,আলু-ফুলকপির তরকারি ও আচার ।
এখন কলকাতার ঐতিহাসিক ব্রিগেডে রাজ্যে “পরিবর্তনের পরিবর্তন”-এর জন্য প্রধানমন্ত্রী কি ঘোষণা করেন, সেদিকেই নজর গোটা বাংলার । জানা যাচ্ছে যে এবারের প্রধানমন্ত্রীর ব্রিগেড সমাবেশ কেবল রাজনৈতিক ভাষণেই সীমাবদ্ধ থাকছে না। একই মঞ্চ থেকে প্রধানমন্ত্রী ১৮,৮৬০ কোটি টাকার একগুচ্ছ সরকারি প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন। প্রশাসনিক কর্মসূচির পর তিনি দলীয় কর্মীদের উদ্দেশ্যে রাজনৈতিক বার্তা দেবেন। সেই বার্তায় তিনি তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জিকে কোন পথে আক্রমণ শানান সেটাই দেখার ।
প্রসঙ্গত,প্রাতিষ্ঠানিক দুর্নীতি,আইনশৃঙ্খলার অবনতি, এসআইআর, প্রভৃতি একাধিক ইস্যুতে কোনঠাসা মমতা ব্যানার্জি ও তার দল তৃণমূল কংগ্রেস । সেই কারনে অস্তিত্ব রক্ষার জন্য ছোটখাটো যা ইস্যু পাচ্ছে, খড়কুটোর মত আকড়ে ধরার চেষ্টা করছে । এবারের নির্বাচনে তৃণমূলের অন্যতম ইস্যু হল ‘বাঙালি অস্মিতা’ । আর এতে পূর্ণ সমর্থন দিচ্ছে তৃণমূল সমর্থিত ভুঁইফোড় গোষ্ঠী ‘বাংলা পক্ষ’ । তাই তৃণমূলের এই প্রচেষ্টাকে রুখতে মোদীর ব্রিগেড সভায় ‘বাঙালিয়ানা’কে গুরুত্ব দেওয়া হয়েছে । মঞ্চের পটভূমিতে দক্ষিণেশ্বর মন্দিরের প্রতিকৃতি থেকে শুরু করে বিষ্ণুপুরের টেরাকোটা শিল্প, পটের কাজ, এবং বাউল-কীর্তনের আবহ ফুটিয়ে তোলা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তৃণমূলের ‘বহিরাগত’ তকমার পাল্টা জবাব দিতেই এই বাঙালি সংস্কৃতি তুলে ধরা হয়ে প্রধানমন্ত্রীর সভামঞ্চে ।।
