পারমিতা দত্ত,কালনা(পূর্ব বর্ধমান),১১ মার্চ : ২০২৬ সালের রাজ্যের বিধানসভার ভোট আর হাতে গোনা ক’টা দিন বাকি । চলতি মাসের শেষের দিকে নির্বাচন কমিশন ভোটের নির্ঘন্ট প্রকাশ করতে পারে বলে মনে করা হচ্ছে । তার আগেই পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীতে প্রচুর বোমার মশলা উদ্ধার ঘিরে তোলপাড় পড়ে গেছে এলাকায় । এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ । পুলিশ জানিয়েছে, ধৃতের নাম সাহাবুল শেখ। তার বাড়ি পূর্বস্থলী ব্লকের নিমদহ পঞ্চায়েতের ছাতনী সংলগ্ন খন্দকার পাড়া এলাকায়। জানা গেছে, ধৃত সাহাবুল শেখ তৃণমূলের সক্রিয় কর্মী বলে এলাকায় পরিচিত । তার দাবি,এলাকায় “ডন” তাকে ফাঁসিয়েছে । তবে সে “ডন”-এর নাম ও রাজনৈতিক পরিচয় প্রকাশ্যে আনেনি ।
পুলিশ সূত্রে খবর, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে খন্দকার পাড়া এলাকায় হানা দেয় পূর্বস্থলী থানার পুলিশের একটি দল । পুলিশ সাহাবুল শেখের বাড়িতে তল্লাশি চালাতেই ব্যাগবন্দি বিপুল মশলা দেখতে পায় । এরপর বোমার মশলা উদ্ধারের পাশাপাশি সাহাবুলকে আটক করে থানায় নিয়ে আসে । আজ বুধবার ধৃতকে আদালতে তোলায় সময় সে সংবাদমাধ্যমের কাছে দাবি করে,”আমাদের এলাকায় একটা ডন আছে । নামটা এখন বললে হয়ত ঝামেলা করবে । এলাকার ওই ডন বহুত কিছু করে । রাজনীতিও করে । আমার মত বহুত লোককে ও এমন করেছে ।’ ধৃতের দাবি তাকে ফাঁসানো হয়েছে ।
আজ বুধবার ধৃতকে কালনা মহকুমা আদালতে তোলা হলে বিচারক পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। ওই বোমার মশলা কোথা থেকে এবং কি উদ্দেশ্যে সংগ্রহ করেছিল তা জানতে ধৃতকে জেরা শুরু করেছে পুলিশ । এদিকে একজন তৃণমূল কর্মীর বাড়ি থেকে বিপুল পরিমান বোমার মশলা উদ্ধারের ঘটনায় এলাকায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর ।
প্রসঙ্গত,দু’দিন বঙ্গ সফরে এসে আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখে গেছেন মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমার । মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী ও রাজ্য পুলিশের জিডির সঙ্গে বৈঠকের সময় ২০২১ সালের ভোটে হিংসার কথা উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, ‘বাংলাতেই কেন এত হিংসা হয় ?’ পাশাপাশি ভোটের আগে রাজ্য জুড়ে মজুত বোমা-বন্দুক উদ্ধার করে নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য ডিজিকে নির্দেশ দেন তিনি৷ তার ঠিক কয়েক ঘন্টার মধ্যেই পূর্বস্থলী থানা এলাকায় প্রচুর পরিমাণে বোমার মসলা উদ্ধার করল পুলিশ ।।
