এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,০৬ মার্চ : বাংলাদেশের নরসিংদীর মাধবদীতে ঈদের কেনাকাটা করতে গিয়ে এক গৃহবধূ সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে জানা গেছে । এই ঘটনায় আজ শুক্রবার সকালে মামলা দায়েরের পর বিকেলে হৃদয় মিঁয়া নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা যায়, গত কয়েকদিন ধরে আড়াইহাজার এলাকার এক যুবকের সঙ্গে ওই মহিলার মুঠোফোনে যোগাযোগ ছিল। তার সঙ্গে দেখা করার উদ্দেশ্যে ওই মহিলা একাই নরসিংদীর মাধবদী থানার কাঁঠালিয়া ইউনিয়নের খামারদী এলাকায় যান। রাত ৮টার দিকে ওই এলাকার একটি মাছের খামারের পাড়ে পৌঁছালে ওই যুবক তাকে রাস্তা থেকে পাশের পুকুরপাড়ে নিয়ে যায়। সেখানে আগে থেকে অপেক্ষমাণ আরও তিন যুবকসহ মহিলাকে গনধর্ষণ করে । এই সময় দুর্বৃত্তরা তার ব্যবহৃত মোবাইল ফোন ও সঙ্গে থাকা টাকা-পয়সাও কেড়ে নেয়।
পরে ভুক্তভোগী নারী নিজেই আজ শুক্রবার মাধবদী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ হৃদয় মিঁয়া নামে একজনকে গ্রেপ্তার করেছে।মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ কামাল হোসেন জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে কাঁঠালিয়া এলাকা থেকে হৃদয় মিঁইয়াকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় মামলা করা হয়েছে এবং জড়িত অন্যান্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। ভুক্তভোগী নারীর ডাক্তারি পরীক্ষার জন্য তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।
এর আগে গত ২৬ ফেব্রুয়ারি মাধবদী থানা এলাকায় বাবার কাছ থেকে ১৫ বছর বয়সী এক কিশোরীকে ছিনিয়ে নিয়ে গনধর্ষণের পর হত্যার ঘটনা ঘটে। ওই ঘটনায় করা মামলায় আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার থেকে তারা আট দিনের রিমান্ডে রয়েছে। সেই ঘটনার রেশ না কাটতেই একই এলাকায় আবারও গনধর্ষণের ঘটনা ঘটল ।।

