এইদিন ওয়েবডেস্ক,মালদা,০৬ মার্চ : বুধবার হোলির রাতে কিশোরদের মধ্যে সামান্য বচসাকে কেন্দ্র গুলি চালানোর ঘটনায় মালদার মানিকচকের মথুরাপুর কাহার পাড়ার এক রেশন ডিলারকে পিটিয়ে মারার ঘটনা ঘটেছিল । ওই ঘটনায় একজন ১৪ বছরের কিশোর গুলিবিদ্ধ হয়ে মারা যায়৷ সেই ঘটনার জের মিটতে না মিটতেই মালদায় ফের ঘটল পিটিয়ে মারার ঘটনা । এবারে হোলির পরের দিন পুরাতন মালদা পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের লক্ষ্মী কলোনী এলাকায় পুরনো শত্রুতার জেরে এক তরুনকে পিটিয়ে মারার ঘটনা ঘটেছে । জানা গেছে, মৃত যুবকের নাম কিষাণ মন্ডল ওরফে জয়(১৮) । তার বাড়ি পুরাতন মালদার সাহাপুর গ্রাম পঞ্চায়েতের ‘ছাতিয়ান মোড় মন্ডলপাড়ায়। নির্মমভাবে মারধরে গুরুতর আহত হয়েছে সম্রাট মন্ডল নামে আরও এক যুবক৷ বর্তমানে তিনি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ।
জানা গেছে,ছাতিয়ান মোড় মন্ডল পাড়ার যুবক কিষাণ মন্ডল ওরফে জয়ের সঙ্গে লক্ষ্মী কলোনীর এক যুবকের পুরনো বিবাদ ছিল। সেই বিবাদকে কেন্দ্র করেই বৃহস্পতিবার বিকেলে লক্ষ্মী কলোনীতে দুপক্ষের মধ্যে গন্ডগোল বাঁধে। ওই সময় একদল লোক জয়ের উপর হামলা চালায় এবং নির্মমভাবে পেটায় বলে অভিযোগ । তাকে বাঁচাতে গেলে বন্ধু সম্রাট মন্ডলও আক্রান্ত হয় ।
যদিও এই বিষয়ে স্থানীয়দের কেউই ভয়ে মুখ খুলতে চায়নি । পুলিশের তরফেও ঘটনা প্রসঙ্গে অফিসিয়াল বিবৃতি সামনে আসেনি । এলাকায় উত্তেজনা থাকায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন করেছে। পুলিশ হামলাকারীদের চিহ্নিত করে ধরপাকড় অভিযান শুরু করেছে বলে জানা গেছে ।।

