এইদিন ওয়েবডেস্ক,মালদা,০৪ মার্চ : আজ বুধবার ছিল রঙের উৎসব হোলি । আর এইদিন রাতেই ভয়াবহ ঘটনার স্বাক্ষী থাকলো মালদা জেলার মানিকচক থানার মথুরাপুর কাহার পাড়া এলাকা । প্রতিবেশীর চালানো গুলিতে আহত হয়েছে এক নাবালক সহ চারজন । পালটা ক্ষিপ্ত জনতার গনধোলাইয়ে মৃত্যু হল গুলি চালনার সঙ্গে যুক্ত কিশোরের বাবার। আজ রাত ৯টা নাগাদ এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায় । খবর পেয়ে বিশাল পুলিশবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । পুলিশ জানিয়েছে,মৃতের নাম সমীর গুপ্ত । আহতরা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ।
জানা গেছে, এদিন রাতে হোলি খেলাকে কেন্দ্র করে মথুরাপুর কাহার পাড়া এলাকার বাসিন্দা পেশায় রেশন ডিলার সমীর গুপ্তর ১৭ বছর বয়সী ছেলের সঙ্গে কয়েকজন কিশোরের মধ্যে কোনো কারনে বচসা শুরু হয় । সেই সময় সমীরবাবুর ছেলে তার বাবার লাইসেন্স প্রাপ্ত বন্দুক দিয়ে এলোপাথাড়ি গুলি চালিয়ে দেয় । গুলিবিদ্ধ হয়ে জখম হয় ১০ বছরের এক নাবালক সহ চারজন গ্রামবাসী । গুলিতে জখমদের উদ্ধার করে তড়িঘড়ি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ।
জানা গেছে,গুলি চালানোর ঘটনার পর প্রচুর লোকজন জড়ো হয়ে যায় । এরপর ক্ষিপ্ত জনতা সমীর গুপ্তের বাড়িতে চড়াও হয়ে ব্যাপক ভাঙচুর চালায় । সমীর গুপ্তকে গণধোলাই দেওয়া হয় বলে অভিযোগ । নির্মম মারধরে তিনি অচৈতন্য হয়ে লুটিয়ে পরেন । তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় । খবর পেয়ে মানিকচক থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশ দীর্ঘক্ষণের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে এলাকায় ।।
