এইদিন ওয়েবডেস্ক,মালদা,০৪ মার্চ : চুড়ান্ত ভোটার তালিকায় নিজের নামের পাশে “বিচারাধীন” দেখে আতঙ্কে বিষপান করে আত্মঘাতী হলেন মালদা জেলার হরিশ্চন্দ্রপুরের এক মহিলা । মৃতার নাম হাজেরা বিবি (৪৩)। তার বাড়ি হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের শীতলপুর গ্রামে । তিনি বিষপান করেছেন পরিবারের লোকজন বুঝতে পারলে প্রথমে তাঁকে স্থানীয় গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় । সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।কিন্তু চিকিৎসা চলাকালীন সেখানেই তাঁর মৃত্যু হয়। গতকাল মৃতার বাড়ি গিয়ে তার পরিবারকে সমবেদনা জানিয়ে আসেন রাজ্যের প্রতিমন্ত্রী ও স্থানীয় বিধায়ক তজমুল হোসেন । তিনি পরিবারকে সমস্ত সরকারি সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার আশ্বাস দেন । তিনি অভিযোগ করেছেন যে এসআইআর প্রক্রিয়ার ত্রুটির কারনেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে । এনিয়ে তিনি নির্বাচন কমিশন ও কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করেন ।
জানা গেছে,এসআইআর শুনানিতে নথিপত্র নিয়ে হাজির হওয়ার নোটিশ পান হাজেরা বিবি । নোটিশে উল্লেখ ছিল যে তিনি এমন একজনের কন্যা/পুত্র,যাকে আরও ছয়জন দাবি করছেন। সেই অনুযায়ী প্রয়োজনীয় নথিপত্র নিয়ে শুনানি কেন্দ্রে হাজির হন তিনি । শুনানি সম্পন্ন হওয়ার পর গত ২৮ ফেব্রুয়ারী প্রথম দফার চুড়ান্ত তালিকা প্রকাশিত হলে তিনি নিজের নাম ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ বা বিচারাধীন হিসেবে দেখতে পান । এরপর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং তার জেরেই হাজেরা বিবি আত্মঘাতী হয়েছেন বলে দাবি পরিবারের ।।

