এইদিন ওয়েবডেস্ক,মালদা,০৪ মার্চ : প্রকাশ্য মঞ্চে মোদী সরকার ও বিজেপিকে “বিষধর সাপ”-এর সঙ্গে তুলনা করে পিটিয়ে মারার নিদান দিলেন মালদা জেলার মালতীপুরের তৃণমূল বিধায়ক তথা মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি । মঙ্গলবার দুপুরে মালদা জেলার চাঁচল-২ ব্লকের আটঘরা গ্রামে রাস্তার শিলান্যাস অনুষ্ঠানে এই বিতর্কিত মন্তব্য করেছেন তিনি । পালটা তৃণমূলকে “রাজ্যের সবচেয়ে বড় বিষাক্ত সাপ” বলে কটাক্ষ করল বিজেপি ।
রাজ্য সরকারের ‘রাস্তাশ্রী ও পথশ্রী’ প্রকল্পে আটঘড়া গ্রামে প্রায় ৪ কিলোমিটার রাস্তা নির্মানের জন্য এক কোটি টাকা বরাদ্দ করা হয়েছে । মঙ্গলবার দুপুরে সেই প্রকল্পের শিলান্যাস করতে গিয়েছিলেন আব্দুর রহিম বক্সি । সভামঞ্চে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, ‘বিজেপি যদি শুধু হিন্দুদের পার্টি হতো তাহলে হিন্দুদের নাম বাদ যেত না৷ তাই সে হিন্দুর পার্টি নয়, সে শুধু একটা পার্টি । মানুষ মারার পার্টি । একটা বিষাক্ত সাপ । মানুষ সাপ মারে বিষাক্ত বলে । কারন যদি ছোবল মারে তাহলে বাঁচতে পারবেন না । সেই রকম এই মোদী সরকার এবং বিজেপি হচ্ছে বিষাক্ত সাপের মত । ওরা যত এলাকায় ঘুরবে,আপনাকে দংশিত করবে, আপনার জীবন নষ্ট করে দেবে । তাই ওদের পিটিয়ে মারতে হবে ।
বিধায়কের এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি। উত্তর মালদা সাংগঠনিক জেলার বিজেপির সাধারণ সম্পাদক অভিষেক সিংহানিয়া প্রতিক্রিয়ায় বলেছেন,’রাজ্যের সবচেয়ে বড় বিষাক্ত সাপ হলো তৃণমূল । পশ্চিমবঙ্গের সংখ্যালঘু শিক্ষিত বেকার ছেলেমেয়েদের ভবিষ্যতের ছোবল মেরেছে এই তৃণমূল । শিক্ষিত বেকারদের চাকরি দেয়নি । উপরন্ত ছাব্বিশ হাজার শিক্ষিত বেকার যুবক-যুবতীর চাকরি কেড়ে নিয়েছে এবং তাদের ভবিষ্যতের ছোবল মেরেছে । কৃষকরা ন্যায্য মূল্যে ফসলের দাম পাচ্ছে না। তাদের ভবিষ্যৎকে ছোবল মেরেছে তৃণমূল সরকার । ২০২৬ এ তৃণমূল নামক এই বিষধর সাপকে পশ্চিমবঙ্গ থেকে সাধারণ মানুষ ছুড়ে ফেলে দেবে।’
এদিকে বিধানসভার ভোটের ঠিক মুখেই সরকারি মঞ্চকে ব্যবহার করে এই ধরনের ‘হিংসাত্মক’ ও ‘অশালীন’ মন্তব্যকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে জেলার রাজনৈতিক মহল ।।

