প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,০৩ মার্চ : পরাধীন ভারতে জন্ম। স্বাধীন ভারতে শুরু হওয়া প্রথম নির্বাচন থেকে শুরু করে গত লোকসভা নির্বাচনেও ভোট দিয়েছেন। তবুও ভারতের নির্বাচন কমিশনের প্রকাশ করা বাংলার চুড়ান্ত ভোটার তালিকায় ’বিচারাধীন’ হিসাবে চিহ্নিত করা হল ১০৪ বছর বয়সী পূর্ব বর্ধমানের জামালপুরের বত্রিশবিঘা গ্রামের প্রবীণ শেখ ইব্রাহিমকে। এমনকি তাঁর পরিবারের একাধীক সদস্যের পরিণতিও একই হয়েছে। এমনটা হওয়ায় বেজায় চটেছেন শেখ ইব্রাহিম ও তাঁর পরিজনরা। তাঁরা নির্বাচন কমিশনকে অমানবিক আখ্যা দিয়ে তাঁদের ক্ষোভ উগরে দিয়েছেন।
জামালপুর-১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার প্রত্যন্ত গ্রাম বত্রিশবিঘা। সংখ্যালঘু অধ্যুষিত এই গ্রামের ১৩৮ নম্বর বুথের ভোটার এবং আদি বাসিন্দা হলেন শেখ ইব্রাহিম। তিনি দাবি করেছেন,“বাংলার ১৩২৯ সালের মাঘ মাসে তাঁর জন্ম। তাঁর স্ত্রী আসেমা বেগম ১৮ বছর আগে প্রয়াত হয়েছেন। ইব্রাহিমের ছয় ছেলে ও দুই মেয়ে। মেয়েরা বিবাহিতা৷ ছেলেরা বত্রিশবিঘা গ্রামে পাশাপাশি বাড়িতে বসবাস করেন। তাঁরা পরম স্নেহে তাঁদের বৃদ্ধ বাবাকে আগলে রেখেছেন। বত্রিশবিঘা গ্রামের বাসিন্দারাও তাঁদের গ্রামের সব থেকে বয়োজ্যেষ্ঠ শেখ ইব্রাহিমকে অত্যন্ত শ্রদ্ধার আসনে স্থান দিয়ে রেখেছেন।
বাংলায় এসআইআর (SIR) পর্ব শুরু হওয়ার পর গত ২৯ জানুয়ারি প্রবীণ শেখ ইব্রাহিমকে সশরীরে ব্লকের বিডিও অফিসে ’শুনানিতে’ হাজির হওয়ার নোটিশ পাঠানো হয়।’লজিক্যাল ডিসক্রিপেন্সির’ কথা তাতে উল্লেখ থাকে। ওই নোটিশ বৃদ্ধের বাড়িতে পৌছে দেন ১৩৮ নম্বর বুথের বিএলও(BLO)। তা নিয়ে তোলপাড় পড়তেই কমিশনের প্রতিনিধিরা ১০৪ বছর বয়সী শেখ ইব্রাহিমের বাড়িতে গিয়ে শুনানি সারেন।তার সাথে তারা বৃদ্ধর প্রয়োজনীয় নথিপত্রও যাচাই করে যান।
তবে এত কিছুর পরেও সদ্য প্রকাশিত চুড়ান্ত ভোটার তালিকায় শেখ ইব্রাহিমের নাম ’বিচারাধীন’ হিসাবে চিহ্নিত করা হয়েছে।সেটা জেনে বৃদ্ধ শেখ ইব্রাহিম বড়ই হতাশ হয়েছেন।আক্ষেপ প্রকাশ করে সোমবার তিনি বলেন,“১০৪ বছর বয়সেও আমি বেঁচে রয়েছি, এটাই কি আমার অপরাধ হয়ে গেছে ! আমি বুঝতে পারছি না কমিশনের লোকজন আমাকে নিয়ে আসলে কি করতে চাইছে।”
বয়সের ভারে ভারাক্রান্ত শরীর নিয়ে সোমবার বিকালে ছেলের ঘরে বসে শেখ ইব্রাহিম বলেন,“আমি দেশের স্বাধীনতা আন্দোলন দেখেছি ,ভারত স্বাধীন হতেও দেখেছি। এমনকি হাওড়া ব্রিজ তৈরি থেকে শুরু করে দ্বিতীয় বিশ্বযুদ্ধও দেখেছি। গন্ধীজীর ডাকা ভারত ছাড়ো আন্দোলনের মিছিলে আমিও ছুটে গিয়েছি। এখন বয়সের ভারে আমি আর ভালো ভাবে হাঁটা চলা করতে পারি না।আমার মতো একজন প্রবীণের নাম চুড়ান্ত ভোটার তালিকায় ’বিচারাধীন’ হিসাবে চিহ্নিত করে রাখা হয়েছে জেন আমি খুবই মর্মাহত হয়েছি ।”
বৃদ্ধের ছেলে শেখ রাইহান উদ্দিন ও শেখ আরেফুল ইসলাম বলেন,“আমাদের বাবা দেশের একজন অতি প্রবীণ নাগরিক। বর্তমানে বাবার বয়স ১০৪ বছর তার পরেও এসআইআর (SIR)পর্বে প্রকাশ করা চুড়ান্ত ভোটার তালিকায় আমাদের বাবার নাম ‘বিচারাধীন’ হিসাবে চিহ্নিত করা হল।এটা দেশের একজন প্রবীণ নাগরিকের কাছে বড়ই অবমাননাকর এবং অসন্মানজনকও বটে ।”
এ নিয়ে জামালপুর-১ গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান সাহাবুদিন মণ্ডল বলেন,“দেশের প্রবীণ নাগরিক শেখ ইব্রাহিমকে এইভাবে হেনস্তা করার জন্য নির্বাচন কমিশনারের ক্ষমা চাওয়া উচিৎ ।” যদিও জামালপুর ১ মণ্ডলের বিজেপি সভাপতি প্রধানচন্দ্র পাল বলেন, “নিশ্চই তথ্যগত কোনো অসঙ্গতি রয়েছে।তাই চুড়ান্ত ভোটার তালিকায় প্রবীণ শেখ ইব্রাহিমের নাম বিচারাধীন হিসাবে চিহ্নিত করা রয়েছে।” সুপ্রিম কোর্টের আদেশ মেনে জুডিশিয়াল অফিসাররা এর নিস্পত্তি করবেন বলে বিজেপি নেতা প্রধানচন্দ্র পাল জানিয়েছেন।।

