এইদিন ওয়েবডেস্ক,আউশগ্রাম(পূর্ব বর্ধমান),০২ মার্চ : আজ সোমবার দুপুরে পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামের জঙ্গলমহলে ঝড়ে পড়া শুকনো পাতায় আগুন লেগে ভয়াবহ আকার ধারন করে । প্রায় ১০ হেক্টর এলাকা জুড়ে আগুন ছড়িয়ে পড়লে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয় । যদিও বনবিভাগ ও দমকল বাহিনীর প্রায় ঘন্টা চারেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে । বন আধিকারিকদের অনুমান যে জঙ্গলের মধ্যে গবাদিপশু চড়াতে এসে পশুপালকদের মধ্যে কেউ কেউ মজাচ্ছলে শুকনো পাতায় আগুন লাগিয়ে দেয়।তা থেকেই আগুন ছড়ায়।
জানা গেছে,এদিন দুপুর প্রায় একটা নাগাদ প্রেমগঞ্জ এলাকার জঙ্গলে আচমকা আগুন লাগে । নিমেষের মধ্যে আগুন বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ে । আগুন লাগার বিষয়টি বনবিভাগের ফায়ার অ্যালার্ট ব্যবস্থায় ধরা পড়ে । এরপর অত্যন্ত দ্রুততার সঙ্গে বনবিভাগের কর্মীরা ফায়ার ব্লোয়ার মেশিন নিয়ে ঘটনাস্থলে ছুটে আসেন । প্রথমে তারা আগুন নেভানোর চেষ্টা করেন । ইতিমধ্যে চলে আসে দমকলবাহিনী । এরপর বনবিভাগ ও দমকলকর্মীদের মিলিত প্রচেষ্টায় ঘন্টা চারেক পর আগুন নিয়ন্ত্রণে আসে ।
বনবিভাগের পানাগড় রেঞ্জের আধিকারিক সুদীপ ব্যানার্জি জানিয়েছেন, ফায়ার ব্লোয়ার মেশিন এবং দমকল বিভাগের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ক্ষয়ক্ষতি খুব বেশি হয়নি। শালগাছগুলি সুরক্ষিত আছে। বন্যপ্রাণীদের ক্ষয়ক্ষতির এখনও কোনও খবর নেই । উল্লেখ্য, গত রবিবারেও সোয়াই বিট এলাকাতেও জঙ্গলে আগুন লাগে । এক্ষেত্রেও অগ্নিকাণ্ডের ঘটনা মনুষ্য সৃষ্টি বলে জানা যায় ।।

