এইদিন ওয়েবডেস্ক,মালদা,০২ মার্চ : দুটি লরিতে বিপুল পরিমার নিষিদ্ধ কাফ সিরাপ বিহারে পাচারের সময় ধরে ফেললো মালদা জেলার গাজোল থানার পুলিশ। দুটি গাড়ি থেকে মোট ২৯,১০০ টি বোতল উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ৷ এই ঘটনায় লরি দুটি আটকের পাশাপাশি ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে । ধৃতরা সকলেই মুর্শিদাবাদ জেলার বাসিন্দা৷ পুলিশ জানিয়েছে ধৃতরা হল : মুর্শিদাবাদের লালবাগ থানার চন্দ্রহাট এলাকার বাসিন্দা ইব্রাহিম শেখ(৩১), লালবাগ থানার ধরমপুর এলাকার বাসিন্দা হাসিবুল শেখ(৩৪) এবং বহরমপুরের বাসিন্দা সূর্যকান্ত কর্মকার(২৬) । রবিবার রাতে গাজোল টোলপ্লাজা থেকে তাদের গ্রেপ্তার করা হয় । আজ সোমবার ধৃতদের মালদা জেলা আদালতে তুলে পুলিশ নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানাবে বলে জানা গেছে ।
পুলিশ সূত্রে খবর,হাওড়ার একটি গোডাউন থেকে দুটি লরিতে কাফ সিরাপ বোঝাই করে বিহারে পাচার করা হচ্ছে বলে গোপন সূত্র থেকে গাজোল থানায় খবর আসে রবিবার রাতে৷ তার ভিত্তিতে গাজোল থানার আইসি কৌশিক ব্যানার্জির নেতৃত্বে বিশাল’ পুলিশ বাহিনী অভিযানে নামে ৷ সেই সময় লরি দুটি মুর্শিদাবাদের দিক থেকে মালদা হয়ে বালুরঘাটের উদ্দেশ্যে যাচ্ছিল৷ কিন্তু ১২ নম্বর জাতীয় সড়কের গাজোল টোল প্লাজায় ওই লরি দুটো আসতেই পুলিশ আটক করে । তারপর তল্লাশি চালাতেই বিপুল পরিমান নিষিদ্ধ কাফ সিরাপ নজরে পড়ে পুলিশের।
পুলিশ জানিয়েছে,একটি প্রথম লরি থেকে উদ্ধার ৯৫ কার্টুনের মধ্যে ১৪,২৫০ টি বোতল ছিল ৷ আর দ্বিতীয় লরিতে ৯৯ কার্টুনের মধ্যে ছিল ১৪,৮৫০ টি বোতল৷ সব মিলে দুটি গাড়ি থেকে মোট ২৯,১০০ টি বোতল উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ৷
কাফ সিরাপ উদ্ধারের পর গাজোলের বিডিও বিপ্লব কুমার বিশ্বাসের উপস্থিতিতে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত হয়। সেই তদন্তের পর সমস্ত নিষিদ্ধ কাফ সিরাপসহ লরি দুটি বাজেয়াপ্ত করে পুলিশ । সেই সঙ্গে এই ঘটনায় জড়িত তিনজনক গ্রেপ্তার করা হয় ।
প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে যে ডালখোলা পূর্ণিমা মোড় হয়ে বিহারে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। এই চক্রের বাকিদের হদিশ করতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ।।

