এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),০১ মার্চ : ছেলের প্রেমিকার রাস্তা পরিষ্কার করতে ঘুমন্ত অবস্থায় পুত্রবধূর উপর অ্যাসিড হামলা চালানোর অভিযোগ উঠেছিল শাশুড়ির বিরুদ্ধে । শনিবার ভোর রাতের ওই ঘটনার পর অবশেষে অভিযুক্ত শাশুড়িকে গ্রেপ্তার করল পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পুলিশ । ধৃত সুকি মাড্ডি (৬১)কে আজ রবিবার বর্ধমান আদালতে পাঠানো হয় ।
পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার মাহাতা গ্রামে বাড়ি সুকি মাড্ডির৷ তার একমাত্র ছেলে পেশায় গাড়িচালক সোমাই সোরেনের সঙ্গে ভাতারের আলিনগর গ্রামে মেয়ে সুকদি সোরেনের সঙ্গে বছর ১১ আগে বিয়ে হয় ।তাদের ৫ বছরের একটি পুত্রসন্তান রয়েছে । বছর তিনেক ধরে সোমাই পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েছিল । প্রেমিকাকে বাড়িতেই তোলার চেষ্টা করেছিল । কিন্তু সুকদি সোরেনের বাধায় সম্ভব হয়নি । যেকারণে বাধ্য হয়ে সে বাড়ির পাশেই আলাদা ঘর তৈরি করে দিয়ে প্রেমিকাকে রেখেছিল ।
অভিযোগ যে সোমাই সোরেনের মা সুকি মাড্ডি তার পুত্রবধূ সুকদি সোরেনকে থেকে তাড়ানোর সুযোগ খুঁজছিলেন । ঝগড়াঝাঁটি লেগেই থাকত। তবুও শ্বশুরবাড়ি ছাড়েননি সুকদি । এরপর শুক্রবার রাতে পাঁচ বছরের ছেলেকে নিয়ে ঘরে শুয়েছিলেন সুকদি সোরেন। বাইরে বারান্দায় শুয়ে ছিলেন শাশুড়ি সুকি মাড্ডি।ঘরের দরজা খোলাই ছিল। সেই সুযোগে শনিবার ভোরের দিকে সুকদির মুখে শাশুড়ি সুকি মাড্ডি অ্যাসিড ঢেলে পুড়িয়ে দেয় বলে অভিযোগ ।
পরে সুকদির মা বুধিন হাঁসদা ভাতার থানায় সুকি মাড্ডির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।তার ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে। ধৃতকে আজ আদালতে তুলে নিজেদের হেফাজতে নিয়ে পুলিশ জানার চেষ্টা করছে যে কোন ধরনের অ্যাসিড দিয়ে সে পুত্রবধূর উপর হামলা চালিয়েছিল এবং কোথা থেকে জোগাড় করেছিল ।।

