এইদিন আন্তর্জাতিক ডেস্ক,২৮ ফেব্রুয়ারী : ইরানের রাজধানী তেহরানে হামলা চালিয়েছে ইসরায়েল । আজ শনিবার একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন যে ইসরায়েলি সামরিক হামলার পর পশ্চিম তেহরানের ফেরদৌস বুলেভার্ড এলাকার কাছে একটি বিস্ফোরণ ঘটে। ফার্স নিউজ এজেন্সি তেহরানের কেন্দ্রস্থলে তিনটি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে বল্ব জানিয়েছে এবং তেহরানের কিছু এলাকায় ধোঁয়ার কুণ্ডলীও উঠতে দেখা গেছে। জামারান ওয়েবসাইট তেহরানের পাস্তুর স্কয়ারের কাছে একটি বিস্ফোরণের শব্দ এবং ঘন ধোঁয়ার কুন্ডলী ওঠার কথা জানিয়েছে।
মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ মানশেহ আমির বলেন,’গতকাল ডোনাল্ড ট্রাম্পের ভাষণ ছিল ইরান সরকারের বিরুদ্ধে ব্যবহারিক যুদ্ধের ঘোষণা । আর তারপরেই হামলা চালালো ইসরায়েল৷’ তিনি আজ ইসরায়েলের হামলাকে আমেরিকার সুপরিকল্পিত রননীতি বলে মনে করছেন । এর আগে একজন মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানান যে আমেরিকা ইরানের উপর হামলা চালাবে । একটি ইসরায়েলি সূত্র চ্যানেল ১২ কে জানিয়েছে: “আমরা প্রথম পর্যায়ে ইসলামিক প্রজাতন্ত্রের উপর চার দিনের ভারী হামলার প্রস্তুতি নিচ্ছি।” ইসরায়েলি সূত্র জানিয়েছে যে প্রাথমিক হামলাগুলি আইআরজিসি বিমান ঘাঁটিগুলিকে লক্ষ্য করে করা হবে৷
প্রতিবেদন অনুসারে, আজকে ইসরায়েলের এই হামলার কারণে ইরানের কিছু শহরে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ও ইরানে হামলা চালানোর বিষয়টি নিশ্চিত করেছে। এখনও পর্যন্ত, এই হামলায় ক্ষয়ক্ষতির বিষয়ে কোনও তথ্য পাওয়া যায়নি।।

