এইদিন ওয়েবডেস্ক,কোচবিহার,১৮ ফেব্রুয়ারী : কোচবিহারের দিনহাটায় বহাল তবিয়তে বসবাস করছিল ওমর ফারুক ব্যাপারী নামে এক বাংলাদেশি অনুপ্রবেশকারী ৷ বিয়ে করে রীতিমতো সংসার ফেঁদে বসেছিল । চলতি এসআইআর প্রক্রিয়ার মাঝে ভোটার তালিকায় নাম তুলতে এক ব্যক্তিকে বাবা সাজিয়ে তার অজান্তে গননা ফর্মে তার নাম লিখেছিল সে। বিষয়টি সেই ব্যক্তি জানতে পেরে গেলে তিনি পুলিশের দ্বারস্থ হন । এদিকে অভিযোগ দায়ের হতেই চম্পট দেয় বাংলাদেশি ওমর ফারুক ব্যাপারী । অবশেষে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হল দিনহাটার সাহেবগঞ্জ থানার পুলিশ । পুলিশ তার বিরুদ্ধে বৈদেশিক আইনে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে । আজ বুধবার তাকে দিনহাটা মহকুমা আদালতে পাঠানো হয়েছে। যদিও ওমর ফারুক ব্যাপারী অভিযোগ যে তাকে স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যরা ষড়যন্ত্র করে ফাঁসিয়েছে ।
জানা গেছে,দিনহাটা নাগরের এলাকায় দীর্ঘদিন ধরে সংসার ফেঁদে বসেছিল ওমর ফারুক ব্যাপারী৷ সংসারে রয়েছে স্ত্রী ও একাধিক ছেলেপিলে ৷ আগে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করত ওমর । পরে এলাকায় একটা ব্যাবসা শুরু করে সে । ইতিমধ্যে রাজ্যের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এস আই আর) প্রক্রিয়া শুরু হলে গননা ফর্মে এক ব্যক্তিকে বাবা দেখিয়ে সে ফর্ম জমা দেয় স্থানীয় বুথ লেভেল অফিসারের কাছে । এর আগে, সে ভারতীয় নাগরিক হওয়ার জন্য বিভিন্ন জাল নথিও তৈরি করেছিল বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের । স্থানীয়রা জানান যে ওমর ফারুকের বাংলাদেশী নাগরিক হওয়ার পর্যাপ্ত নথিপত্র পাওয়া গেছে । বিষয়টি শোড়গোল পড়ে যখন নাগরের এলাকার এক প্রৌঢ় জানতে পারেন যে ওমর ফারুক তাকে বাবা সাজিয়ে গননা ফর্ম জমা দিয়েছে ।
জানা গেছে,এনিয়ে সেই ব্যক্তির স্ত্রী দিনহাটার সাহেবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি স্পষ্ট জানান যে ওমর ফারুক ব্যাপারী তাঁদের পুত্র নন। পাশাপাশি এলাকার দুই তৃণমূল পঞ্চায়েত সদস্যও জেলা শাসকের কাছে লিখিতভাবে অভিযোগ জানান যে ওমর বাংলাদেশী নাগরিক। বিষয়টি নিয়ে প্রশাসনের হস্তক্ষেপ করার পরই তাকে গ্রেপ্তার করতে সক্রিয় হয় সাহেবগঞ্জ থানার পুলিশ। কিন্তু তার আগেই গাঢাকা দেয় ওমর ফারুক ব্যাপারী । অবশেষে গতকাল তাকে পাকড়াও করে পুলিশ ।।

