এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৭ ফেব্রুয়ারী : আজ মঙ্গলবার কলকাতা থেকে শুরু করে পূর্ব মেদিনীপুর জেলার ময়নায় যোগদান কর্মসূচি পালন করল বিজেপি । আজ কলকাতায় রাজ্য বিজেপির কার্যালয়ে মেগা যোগদান কর্মসূচি হয় । রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য,বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী,দলের সাধারণ সম্পাদিকা লকেট চ্যাটার্জির উপস্থিতিতে যোগদান করলেন আরজি কর কান্ডের প্রতিবাদী মুখ দীপাঞ্জন চক্রবর্তী, আর পি এফ-এর প্রাক্তন ডিএসপি বিপ্লব বিশ্বাস,আরএসএস -এর প্রচারক ডঃ অক্ষয় বিঞ্জেলকা৷ তবে এদিন কলকাতার যোগদানের সবচেয়ে বড় চমক হল বিগত বামফ্রন্টের ক্যাবিনেটের গুরুত্বপূর্ণ মন্ত্রী ও আরএসপি নেতা প্রয়াত ক্ষিতি গোস্বামীর ছোট মেয়ে কস্তুরী গোস্বামীর বিজেপিতে যোগদান ।
কলকাতার পর নিজের জেলা মেদিনীপুরের ময়নায় বিশাল যোগদান কর্মসূচি আয়োজন করে বিজেপি । শুভেন্দু অধিকারীর হাতধরে বিভিন্ন দিল থেকে প্রচুর মানুষ আজ বিজেপিতে যোগদান করেন । যোগদান কর্মসূচি শেষে শুভেন্দু অধিকারী বলেন,’তৃণমূলের তো কিছু ভালো লোক ছিল । সাফ করে দেবো । বিরাট তালিকা আছে আমার কাছে। ওদের বুথে বসার লোক পাবে না । পঞ্চায়েত সমিতি রাখতে পারবে ? আমার কাছে মেজরিটি আছে । যেদিন চাইবো পরের দিন উল্টে দেবো ।’
তবে বাম আমলের বর্ষীয়ান নেতা, প্রাক্তন মন্ত্রী ক্ষিতি গোস্বামীর ছোট মেয়ে কস্তুরী গোস্বামীর বিজেপিতে যোগদানে তোলপাড় পড়ে গেছে রাজ্য রাজনীতি । ক্ষিতি গোস্বামীর বড় মেয়ে বসুন্ধরা গোস্বামী ইতিমধ্যেই তৃণমূল শিবিরে আছেন । ২০১৯ সালের ২৪ ডিসেম্বর ক্ষিতি গোস্বামীর প্রয়াণের পরের বছরই তৃণমূলে যোগ দেন পেশায় মনস্তত্ত্ববিদ বসুন্ধরা। ফলে এককালের এই আরএসপি পরিবারটি এখন কার্যত সর্ব রাজনীতির মিলন মেলায় পরিনত হয়েছে ।
২০২৬ সালে “পরিবর্তনের পরিবর্তন”-এর বিষয়ে আত্মবিশ্বাসী শমীক ভট্টাচার্য বলেন,’সেন্ট্রাল ফোর্স মোতায়েন হোক বা না হোক,এসআইআর হোক বা না হোক, ইডি-সিবিআইয়ের অফিসে তালা লাগিয়ে দিক, ইনকাম ট্যাক্স ও জিএসটিকে নোটিশ পাঠাতে বারন করে দিক,পুলিশ দিয়ে পশ্চিমবঙ্গের নির্বাচন করে দিক মমতা ব্যানার্জি, তারপরেও এবার তৃণমূল হারবে ।’।

