এইদিন বিনোদন ডেস্ক,১৩ ফেব্রুয়ারী : হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন প্রখ্যাত কন্নড় চলচ্চিত্র পরিচালক ও কৌতুকাভিনেতা জো সাইমন । আজ শুক্রবার ফিল্ম চেম্বার সভায় যোগদানের সময় তিনি হৃদরোগে আক্রান্ত হন । তাকে তাৎক্ষণিকভাবে বেঙ্গালুরুর মালিগে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি ।
মান্ড্যার বাসিন্দা জো সাইমন ১৯৬৭ সালে কন্নড় সিনেমায় আত্মপ্রকাশ করেন ৷ তিনি কেএসআর দাস, আরএন জয়গোপাল, কানাগল প্রভাকর শাস্ত্রী, এস.ভি. রাজেন্দ্র সিং বাবুর মতো পরিচালকদের সাথে কাজ করেছেন। পরবর্তীতে, তিনি ১৯৭৭ সালে “ওঁ প্রেমদা কথা” চলচ্চিত্রের মাধ্যমে একজন স্বাধীন পরিচালক হিসাবে আত্মপ্রকাশ করেন। এরপর থেকে ১০০ টিরও বেশি কন্নড় ছবিতে অভিনেতা, পরিচালক এবং গীতিকার হিসেবে কাজ করেছেন। আগামীকাল শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত রবীন্দ্র কলাক্ষেত্রে শেষ দর্শনের ব্যবস্থা করা হয়েছে। সন্ধ্যায় শেষকৃত্য সম্পন্ন হবে।।

