এইদিন ওয়েবডেস্ক,ভুবনেশ্বর,১২ ফেব্রুয়ারী : ওড়িশা সরকার মাওবাদ নির্মূল করার জন্য তাদের কোষাগার কার্যত খুলে দিয়েছে। রাজ্য সরকার তাদের আত্মসমর্পণ নীতিতে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে, পুরস্কারের পরিমাণ কয়েকগুণ বাড়িয়েছে।
এখন, যদি একজন প্রধান নকশাল নেতা (যেমন পলিটব্যুরো সদস্য) আত্মসমর্পণ করেন, তাহলে তিনি ১.১০ কোটি টাকা সরকারি অনুদান পাবেন। যার মূল লক্ষ্য হল বামপন্থী সন্ত্রাসবাদ থেকে দূরে সরিয়ে আর্থিক ও পুনর্বাসনের মাধ্যমে তাদের মূলধারার সমাজে ফিরিয়ে আনা।
নতুন নীতিমালা অনুযায়ী, বিভিন্ন পদ অনুযায়ী পুরষ্কার নির্ধারণ করা হয়েছে। রাজ্য কমিটির সদস্য ৫৫ লক্ষ টাকা এবং সামরিক কমান্ডার ২৭.৫০ লক্ষ টাকা পাবেন। শুধু তাই নয়, অস্ত্র সমর্পণের জন্য আলাদা অর্থ দেওয়া হবে। উদাহরণস্বরূপ, একে-৪৭ রাইফেল জমা দেওয়ার জন্য ৩.৩০ লক্ষ টাকা এবং হালকা মেশিনগান জমা দেওয়ার জন্য প্রায় ৫ লক্ষ টাকা পুরষ্কার দেওয়া হবে। সরকারি তথ্য অনুযায়ী, ২০২৫ সালের নভেম্বর থেকে এখন পর্যন্ত ৪৫ জনেরও বেশি নকশাল তাদের অস্ত্র সমর্পণ করেছেন, যাদের কাছে মোট ৬.৫ কোটি টাকা প্রদান করা হয়েছে। মালকানগিরি এবং রায়গড়ার মতো অঞ্চলে নকশাল কার্যকলাপ এখন দ্রুত হ্রাস পাচ্ছে।।

