এইদিন ওয়েবডেস্ক,তমলুক(পূর্ব মেদিনীপুর),১০ ফেব্রুয়ারী : ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । নির্বাচন কমিশনের বিরুদ্ধে তিনি সর্বোচ্চ আদালতে নালিশ জানাতে গিয়ে পালটা কমিশনের তোলা অসহযোগিতার অভিযোগ ঘিরে প্যাঁচে পড়ে যান । সুপ্রিম কোর্ট এসআইআর-এর কাজে কোনো প্রকার হস্তক্ষেপ করতে অস্বীকার করে । পাশাপাশি গ্রুপ-বি আধিকারিক দিতে মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন সরকারের অনীহা নিয়েও বিস্ময় প্রকাশ করে আদালত । অবশেষে সুপ্রিম চাপে তড়িঘড়ি মোট ৮,৫০৫ জন গ্রুপ-বি আধিকারিকের নামের তালিকা নির্বাচন কমিশনের হাতে তুলে দেয় রাজ্য সরকার । কিন্তু কিন্তু সেই তালিকাতেও “মিথ্যা তথ্য” দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী । তার অভিযোগ যে গ্রুপ-বি আধিকারিকের নামে গ্রুপ-সি কর্মীদের তালিকা দেওয়া হয়েছে । তিনি মমতা ব্যানার্জির বিরুদ্ধে সর্বোচ্চ আদালতের সঙ্গে “প্রতারণা” করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন এবং হুঁশিয়ারি দিয়েছেন যে, এনিয়ে তিনি মমতা ব্যানার্জির বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করবেন ।
আজ মঙ্গলবার সন্ধ্যায় পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে দলে জেলা কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেছেন,’গত ১৯ শে জানুয়ারী সুপ্রিম কোর্ট পর্যাপ্ত অফিসার দেওয়ার কথা বলেছিল । তারপরে রাজ্য সরকারের পক্ষ থেকে গত ৯ তারিখে ৮,৫০০ গ্রুপ বি অফিসার দেওয়ার কথা বলা হয় । রাজ্য সরকার গ্রুপ বি অফিসার দিয়ে মাইক্রো অবজার্ভার উইথড্র করতে চেয়েছিল ।’
তাঁর অভিযোগ,’গ্রুপ বি অফিসার বলে যাদের দেওয়া হয়েছে তাদের অধিকাংশই গ্রুপ সি৷ এমনকি পঞ্চায়েতের কর্মচারীকেও পর্যন্ত দেওয়া হয়েছে । নির্মাণ সহায়ক দেওয়া হয়েছে । এই ৮৫০০-র মধ্যে অসংখ্য মিথ্যা এবং অসংখ্য গাইড লাইন ভায়োলেশন করে তারা এই কাজটা করেছে।’
একটা তালিকা দেখিয়ে শুভেন্দু অধিকারী বলেছেন, ‘নদীয়া জেলার সিরিয়াল ৫৫৬ থেকে ৫৩৬, এখানে নির্মাণ সহায়ক,স্বায়ত্ব শাসন বডি, স্ট্যাটুটরি বডি, গ্রাম পঞ্চায়েতে কাজ করা,এরকম অসংখ্য নাম এখানে দেওয়া আছে। এমনকি, অবসরপ্রাপ্ত, মৃত ব্যক্তিও আছেন । সিরিয়াল নাম্বার ৪৩৪ স্বপন কুমার বিশ্বাস, রিটায়ার করে গেছেন তার নামও মুখ্যমন্ত্রীর তাবেদার বাহিনী পাঠিয়ে দিয়েছে ।’
তিনি বলেন,’এটার মধ্য দিয়ে এরা সুপ্রিম কোর্টকেও অসত্য, মিথ্যা জানিয়েছে । মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস মানেই মিথ্যাচার,দুর্নীতি করবে, অসত্য বলবে, ফ্রড করবে,এটাই স্বাভাবিক । এটা যে সুপ্রিম কোর্টের সঙ্গেও করার সাহস দেখাবে, এটা আমরা ভাবতে পারিনি । যেহেতু মুখ্যমন্ত্রী মামলা করেছেন তাই এই তালিকা নিয়ে তার এবং তার সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা যেতেই পারে।’ তিনি নির্দিষ্ট করে মমতা ব্যানার্জির উদ্দেশ্যে হুঁশিয়ারি দেন, ‘আপনার বিরুদ্ধে আমি আদালত অবমাননার মামলা করতে চলেছি । তৈরি থাকুন ।’।

