এইদিন ওয়েবডেস্ক,মালদা,০৮ ফেব্রুয়ারী : ভোর রাতে সশস্ত্র অবস্থা পুকুরে ফাঁদি জাল ফেলে মাছ লুট করছিল দুষ্কৃতীদের একটি দল । কিন্তু বিষয়টি জানতে পেরে গ্রামবাসীরা জোট বেঁধে দুষ্কৃতীদের ধাওয়া করলে দুটি বাইক ও ধারাল অস্ত্র ফেলে চম্পট দেয় দুষ্কৃতীদের ওই দলটি । ঘটনাটি ঘটেছে আজ রবিবার ভোর প্রায় ৩টে নাগাদ মালদা জেলার মোথাবাড়ি থানার চড়কতলা কাউয়াখন এলাকায় । পুলিশ দুষ্কৃতীদের ফেলে যাওয়া দুটি মোটর সাইকেল ও অস্ত্রশস্ত্র উদ্ধার করে । এদিকে এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন গ্রামবাসীরা । তাদের অভিযোগ, এলাকায় একের পর এক পুকুরের মাছ লুট হলেও পুলিশ কার্যত হাতে হাত গুটিয়ে বসে আছে ।
জানা গেছে,আজ ভোরের অন্ধকারে দুটি বাইকে চড়ে কাউয়াখন এলাকার বাসিন্দা জনৈক ব্যক্তির পুকুরে ফাঁদি জাল ফেলে মাছ লুট করছিল দুষ্কৃতীদের একটি দল । দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র ও ধারাল অস্ত্রে সজ্জিত । সেই কারনে মাছ লুটের বিষয়টি জানতে পারলেও পুকুরের মালিক সেখানে যাওয়ার সাহস করেনি । পরিবর্তে তিনি গ্রামের লোকজন জড়ো করেন । এরপর গ্রামবাসীরা দুষ্কৃতীদের দলটিকে ধরতে ধাওয়া করলে তারা দুটি বাইক,কিছু ধারাল অস্ত্র এবং জালসহ লুট করা মাছ ফেলে পালিয়ে যায় ।
স্থানীয়রা জানান,এটাই প্রথম ঘটনা নয় । এর আগে ১৩/১২/২০২৫ তারিখে রাত্রি প্রায় ১২ টা নাগাদ একই কায়দায় এবং একই পুকুরে মাছ লুট করতে আসে ১৫-২০ জন সশস্ত্র দুষ্কৃতী । সেই সময় পুকুর মালিক দুই ভাই বাধা দিতে গেলে দুষ্কৃতীরা বন্দুকের ভয় দেখিয়ে তাদের গাছে বেঁধে রেখে অবাধে মাছ লুট করে চম্পট দেয় ৷ ঘটনার তিন দিন পর,১৬ ডিসেম্বর পুকুর মালিক এনিয়ে মোথাবাড়ি থানায় অভিযোগ দায়ের করলেও পুলিশ কোন ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দা মহম্মদ রনি শেখের । তিনি জানান, দুষ্কৃতীদের ওই দলটি এলাকার একটা পুকুরের মাছ রাখেনি, সব লুট করে নিয়েছে । তিনি এনিয়ে পুলিশের ভূমিকায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন ।।

