এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০২ ফেব্রুয়ারী : খাসির মাংসের অর্ডার করে গোমাংসের পদ পরিবেশন করার ঘটনায় কলকাতার পার্ক স্ট্রিটের রেস্তোরাঁ “অলি পাব” (OlyPub) কর্তৃপক্ষ ক্ষমা চেয়েছেন এবং তিনি অভিযোগ তুলে নিয়েছেন বলে জানালেন ভুক্তভোগী ফুড ভ্লগার এবং ইনফ্লুয়েন্সার সায়ক চক্রবর্তীকে (Sayak Chakraborty)। তিনি রেস্তোরাঁ কর্তৃপক্ষের চিঠিটি নিজের ফেসবুক পেজে শেয়ার করে লিখেছেন :
“অলি পাব ক্ষমা চাইল অ্যাটলাস্ট । তাই দয়া করে আর অন্য গল্প বানাবেন না । স্ক্রিপ্ট বা ওই জাতীয় কিছুর থিওরি আমাকে অবাক করছে । রাগের মাথায় থানায় গেছিলাম, ঠিক। এই ভুলে অলি পাবের ক্যাসুয়াল অ্যাপ্রোচে আমার মাথার ঠিক ছিলো না । আমি বিফ কোনোদিনও মুখে তুলিনি । এবার থেকে দেখে শুনে বুঝে চলব না হয় । আমি জনগণের উপর নির্ভরশীল, তাই জনগণ যা বলবেন সেটাই ঠিক , হয়ত৷ ওই ভদ্রলোক আর অলি পাবের বিরুদ্ধে আমি কমপ্লেন উইথড্র করছি । আমার অলি পাবের ভুল নিয়ে সমস্যা ছিলো । হতে পারে আমার রিঅ্যাকশনও ভুল ছিলো । আমি দুঃখিত । ভবিষ্যতে ভ্লগ বানানোর ক্ষেত্রে আমি এই ধরণের কন্ট্রোভার্সিতে জড়াতে চাই না । আমার হিন্দু মুসলিমের সমস্যা নেই । আমি নিজের কিছু আচার মেনটেইন করতে চাই শুধু । আমার ভ্লগ আর কিছু ইনস্টগ্রাম কনটেন্ট সবাইকে এক হয়ে থাকার কথা আগেও বলত, পরেও বলবে । অনিচ্ছাকৃত ঘটনার জন্য আবারও দুঃখিত ।’
ফুড ভ্লগার এবং ইনফ্লুয়েন্সার দ্বারা ইনস্টাগ্রামে শেয়ার করা অলি পাব কর্তৃপক্ষের চিঠিতে লেখা হয়েছে, “olypubofficial,OLYPUB, পার্ক স্ট্রিট, কলকাতা। ৩০ জানুয়ারী ২০২৬ সন্ধ্যায়, আমাদের একজন ওয়েটার পরিবেশন করার সময় একটি অত্যন্ত গুরুতর কিন্তু অনিচ্ছাকৃত ভুল করেছিলেন। এটি ছিল একটি প্রকৃত ভুল যার কোনও ক্ষতি করার উদ্দেশ্য ছিল না। আমরা তার ভুলের জন্য সত্যিই দুঃখিত এবং আমাদের গ্রাহকদের অনুভূতিতে অনিচ্ছাকৃতভাবে আঘাত করার জন্য আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। Olypub জাতি, ধর্ম, বা লিঙ্গ নির্বিশেষে সকলের প্রতি শ্রদ্ধার ভিত্তির উপর নির্মিত। আমরা আমাদের ৮০ বছরের ঐতিহ্যের জন্য গর্বিত এবং আমাদের সমস্ত পৃষ্ঠপোষক এবং কর্মীদের সাথে সর্বদা সম্মান এবং মর্যাদার সাথে আচরণ করার প্রতিশ্রুতি পুনর্নবীকরণ করি।আমাদের শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে আমরা যে বিপুল সমর্থন পেয়েছি তাতে আমরা সত্যিই বিনীত এবং এই সময়ে আমাদের পাশে থাকার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। আমরা আপনাকে সর্বদা আমাদের সেরাটির আশ্বাস দিচ্ছি। টিম অলি পাব ।”
উল্লেখ্য,গত শুক্রবার (৩০ জানুয়ারী), কলকাতার পার্ক স্ট্রিট এলাকার সুপরিচিত রেস্তোরাঁ অলি পাবে য বন্ধুদের সঙ্গে নৈশভোজ সারতে গিয়ে একটি তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় ফুড ভ্লগার এবং ইনফ্লুয়েন্সার সায়ক চক্রবর্তীকে (Sayak Chakraborty) । সায়ক একটি ভিডিও প্রকাশ করে অভিযোগ করেন যে খাসির মাংস অর্ডার দেওয়া সত্ত্বেও গরুর মাংসের স্টেক পরিবেশন করা হয়েছে তাঁদের । পরে এনিয়ে তিনি পার্কস্ট্রিট থানায় এফআইআর দায়ের করেছিলেন। তার ভিত্তিতেই শনিবার গ্রেপ্তার করা হয় গোমাংসের স্টেক পরিবেশন করা রেস্তোরাঁর ওই বেয়ারাকে । পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম শেখ নাসির উদ্দিন। তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ২৯৯ ধারায় (কোনও শ্রেণির ধর্ম বা ধর্মীয় বিশ্বাসকে অপমান করে তাদের ধর্মীয় অনুভূতিতে ইচ্ছাকৃত আঘাত করা) মামলা রুজু করা হয়েছে । বেয়ারাকে গ্রেপ্তারের পরেই অভিযোগকারীকেও গ্রেপ্তারের দাবিতে সরব হন সিপিএমের বর্ষীয়ান নেতা সুজন চক্রবর্তী । তিনি এও অভিযোগ করেন যে এই ঘটনায় বিজেপি ও আর এস এস জড়িত । যদিও শেষ পর্যন্ত অভিনেতা তার অভিযোগ প্রত্যাহার করে নেওয়ায় এই বিতর্কে লাগাম পড়ল বলে মনে করা হচ্ছে ।।

