এইদিন ওয়েবডেস্ক,আহমেদাবাদ,১৯ নভেম্বর : “হোয়াইট কলার সন্ত্রাসী বাস্তুতন্ত্র”-এর অন্তর্গত অন্যতম ধৃত ডাক্তার সন্ত্রাসী ডঃ আহমেদ মহিউদ্দিন সাঈদ(Dr. Ahmed Mohiyuddin) বর্তমানে গুজরাটের আহমেদাবাদের সবরমতী কারাগারে (Sabarmati Jail) বন্দী । তার সঙ্গে থাকা অন্য তিন কয়েদি ওই চিকিৎসক সন্ত্রাসীকে ধরে বেদম পিটিয়ে দিয়েছে বলে জানা গেছে । আহমেদের চোখ, মুখ এবং শরীরের অন্যান্য অংশে আঘাত লেগেছে এবং বর্তমানে তিনি সিভিল হাসপাতালে চিকিৎসাধীন। গত ৯ নভেম্বর, ২০২৫ তারিখে গুজরাট এটিএস কর্তৃক গ্রেপ্তার হওয়া তিনজন আইএসআইএস সন্ত্রাসীর মধ্যে ডাঃ আহমেদ অন্যতম ।
সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, কারাগারে থাকা আরও তিন বন্দীর সাথে আহমেদের তর্ক-বিতর্ক হয়, যার ফলে মারামারি শুরু হয়। হামলার পর, এটিএস সবরমতী জেলে পৌঁছায়। আহমেদের বয়ান রেকর্ড করার পর, পুলিশ তিন বন্দীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। রিমান্ড শেষ হওয়ার পর আহমেদকে সম্প্রতি জেলে পাঠানো হয়।
উল্লেখ্য, গত ৭ নভেম্বর, অস্ত্র কিনতে আহমেদাবাদে যাওয়া সন্ত্রাসী আহমেদ সৈয়দকে এটিএস গ্রেপ্তার করে। উত্তরপ্রদেশ থেকে অস্ত্র সরবরাহ করতে আসা দুই সন্ত্রাসী সুহেল এবং আজাদকেও গুজরাটের পালানপুরে গ্রেপ্তার করা হয়। এই তিন সন্ত্রাসী একসাথে রিসিন নামক একটি বিষাক্ত রাসায়নিক তৈরি করছিল, যা সারা দেশের মন্দির এবং স্কুলে প্রসাদ ও খাবারে মিশিয়ে প্রচুর মানুষ হত্যার পরিকল্পনা করা হয়েছিল।।

