এইদিন আন্তর্জাতিক ডেস্ক,০৪ ফেব্রুয়ারী : পাকিস্তানের পেশোয়ারের( Peshawar) কাছে বারা (Bara) এলাকায় অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে নিকেশ হয়েছে ১১ জন আইএসআইএস সন্ত্রাসবাদী (ISIS Terrorists) । সূত্র আল-মারসাদকে জানিয়েছে যে সোমবার রাতে বারার কাম্বার খেলের শানকো এলাকায় আইএসআইএসের একটি আস্তানায় অজ্ঞাত বন্দুকধারীরা হামলা চালায়, যার ফলে এগারো (১১) আইএসআইএস সন্ত্রাসবাদী নিকেশ হয়েছে এবং আরও তিনজন আহত হয়েছে ।
সূত্র অনুসারে, হামলায় খতম হওয়া সন্ত্রাসীদের বেশিরভাগই বিদেশী নাগরিক যারা গত বছরের নভেম্বরের শেষের দিকে জাবারমেলা এলাকায় তাদের কেন্দ্রগুলিতে ড্রোন হামলার পর পেশোয়ারের হায়াতাবাদ থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে বারার শানকো এলাকায় বসতি স্থাপন করেছিল । তারা আরও জানিয়েছে যে লক্ষ্যবস্তু আস্তানার তিন কিলোমিটারের মধ্যে পাকিস্তানি সেনাবাহিনীর পোস্টও অবস্থিত।
সূত্র আল-মারসাদকে জানিয়েছে যে বেলুচিস্তানের মাস্তুংয়ে তাদের কেন্দ্রগুলি ধ্বংস করার পর, আইএসআইএস খাইবার এজেন্সিতে তাদের মনোযোগ বাড়িয়েছে। মাস্তুং থেকে পালিয়ে আসা আইএস সন্ত্রাসীরা এখন পাকিস্তান সরকারের সহায়তায় খাইবার এজেন্সির পাহাড়ি এলাকায় তাদের কার্যকলাপ পুনরায় শুরু এবং পুনর্গঠিত করার চেষ্টা করছে । আর ওই কুখ্যাত সন্ত্রাসবাদীদের বেলুচিস্তানের মুক্তিযুদ্ধ এবং তেহেরিক-ই-তালিবান পাকিস্তানের বিরুদ্ধে কাজে লাগাচ্ছে পাকিস্তানের শেহবাজ শরিফ সরকার ।।

